২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমাল: বরিশালে দেয়াল ধসে ও গাছচাপায় প্রাণ গেল তিনজনের

ভবনের দেয়াল ধসে খাবারের হোটেলে পড়ে দুই এবং গাছের ডাল পড়ে একজনের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 06:14 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টির মধ্যে বরিশাল নগরীতে একটি ভবনের দেয়াল ধসে খাবারের হোটেলে পড়ে দুজন এবং বাকেরগঞ্জ উপজেলায় গাছের ডাল পড়ে একজনের মৃত্যু হয়েছে। 

সোমবার ভোর ৪টার দিকে নগরীর রুপাতলী এলাকায় লিলি পেট্রোল পাম্পের পাশে এবং বাকেরগঞ্জ উপজেলার চর দাড়িয়াল গ্রামে এসব ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন- নগরীর রুপাতলী এলাকার লোকমান হোটেলের মালিক লোকমান ও কর্মী মোকসেদুর রহমান এবং বাকেরগঞ্জ উপজেলার চর দাড়িয়াল গ্রামে জালাল শিকদার (৫৫)।  

লোকমান হোটেলের আহত কর্মী শাকিবকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক।

বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, “ভোরে লোকমান, মোকসেদুর ও শাকিব টিনশেডের তৈরি হোটেলের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে রেমালের প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টির তাণ্ডব চলছিল।

“এক পর্যায়ে পাশের তিনতলা ভবনের ছাদের দেয়ালের কিছু অংশ ধসে হোটেলের টিনের চালে উপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে দুজনের লাশ উদ্ধার এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করে বলে জানান তিনি।

এ দিকে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন জানান, চর দাড়িয়াল গ্রামে ঝড়ের মধ্যে গাছের ডাল পড়ে জালালের মৃত্যু হয়।