২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে চুরমার অ্যাম্বুলেন্স, রোগীর মৃত্যু

“দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় জড়ো হলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।“

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2024, 03:48 PM

Updated : 26 Aug 2026, 09:39 AM

দুর্ঘটনায় আহত হয়ে এক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে যাওয়ার পথে নারায়ণগঞ্জে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান।

নিহত ৩৫ বছর বয়সী গোলাম মোস্তফা সাতক্ষীরার মোহর আলীর ছেলে। কুমিল্লার চৌদ্দগ্রামে বসবাসরত মোস্তফা একটি বাসের চালকের সহযোগী হিসেবে কাজ করতেন।

এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক ও নিহতের এক আত্মীয়ও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। l দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি রেজাউল ওসি বলেন, “অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকে ধাক্কা খায়। এ সময় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা রোগী ঘটনাস্থলেই মারা যান।

“দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় জড়ো হলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।“

এরপর যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ একটি রেকার গাড়ি দিয়ে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে সরিয়ে নেয় বলে জানান রেজাউল।  

নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের বরাতে তিনি বলেন, “গোলাম মোস্তফা সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছিল ঢাকার পঙ্গু হাসপাতালে। পথে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।