২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্থগিত’ সেই ম্যাচে নাইজারকে জয়ী ঘোষণা ফিফার

চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে কঙ্গো-নাইজারের স্থগিত হয়ে যাওয়া ম্যাচের নিষ্পত্তি করল ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 07:27 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

হোম ম্যাচ প্রতিবেশী দেশের মাঠে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল কঙ্গো। আপত্তি ছিল না নাইজারের, মাঠেও উপস্থিত হয়েছিল তারা। কিন্তু কঙ্গো না আসায় দুই দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিল। সেই ম্যাচের নিষ্পত্তি করল ফিফা। নাইজারকে জয়ী ঘোষণা করে তাদেরকে ৩ পয়েন্ট দিয়েছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

চলতি মাসের শুরুতে স্থগিত হয়ে যাওয়া ওই ম্যাচে নাইজারকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে ফিফা।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৬ জুন মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই দলের। কঙ্গোর হোম ভেন্যু ব্রাজাভিলে স্টেডিয়াম ম্যাচ আয়োজনের শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদের প্রতিবেশী দেশ কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসাতে ম্যাচটি আয়োজনের আগের পরিকল্পনায় ফিরে যায় ফিফা।

ম্যাচটি খেলতে গিয়েছিল নাইজার, কিন্তু কঙ্গো যেতে আপত্তি জানায়। এক পক্ষের অনুপস্থিতিতে ম্যাচটিও স্থগিত হয়ে যায়। 

এই জয় ও পয়েন্টের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে নাইজার। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মরক্কো। কঙ্গো এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

৯ গ্রুপের শীর্ষ দলগুলো পাবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে হতে যাওয়া বিশ্বকাপে খেলার টিকেট।

ফিফার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, কঙ্গোর আলফনসো মেসেম্বা-দেবাত স্টেডিয়াম পুনঃসংস্কার, নতুন পিচ বসানোর কাজ পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত সেটা ম্যাচের জন্য ব্যবহার করা হবে না।

গত মে মাসের শেষ দিকে কঙ্গোর ক্রীড়ামন্ত্রী ঘোষণা করেছিলেন, ব্রাজাভিলে স্টেডিয়াম ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত, কিন্তু ততদিনে ম্যাচটি সরিয়ে আনার ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। মূল পরিকল্পনা অনুযায়ী ফিফা তাই কঙ্গোকে কিনশাসাতে খেলতে যাওয়ার নির্দেশনা দেয়, কিন্তু আপত্তি জানিয়ে ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেয় দেশটি।