২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় মৃত্যুর জেরে উজান-ভাটি পরিবহনে আগুন

বিক্ষুব্ধ জনতা বাসটির চালক ও তার সহকারীকে মারধর করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 12:02 AM

Updated : 26 Aug 2026, 10:31 AM

গাজীপুর মহানগরীতে বাসের চাপায় নারী নিহতের ঘটনার জেরে পরিবহনটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় আহত হয়েছেন আরেকজন। 

সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানার বোর্ড বাজার এলাকায় লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন জানান। 

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। 

স্থানীয়রা জানান, উজান-ভাটি পরিবহনের বাসটি গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বোর্ড বাজার এলাকায় অজ্ঞাত এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

উপ-কমিশনার ইব্রাহিম হোসেন বলেন, বিক্ষুব্ধ জনতা বাসটির চালক ও তার সহকারীকে মারধর করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ কারণে সড়কে যানচলাচল সাময়িক বন্ধ ছিল। 

বাসের চালক ও তার সহকারীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।