সীমান্তে এখন উত্তেজনা নেই, স্থিতাবস্থা রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, “সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। তারা (ভারত) আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। বলা যায়, অনেকটাই স্থিতাবস্থায় রয়েছে।”
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সিটি করপোরেশনের শাহাব উদ্দিন মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফের ডিজি পর্যায়ে আলোচনা হবে। যেহেতু আমাদের কিছু অসম চুক্তি করা হয়েছে, সেগুলো নিয়ে সেখানে আলোচনা হবে। এর আগে মন্ত্রণালয় থেকে তাদেরকে চিঠিও দেওয়া হবে; যেগুলো অসম চুক্তি আছে সেগুলোর সমস্যা কীভাবে সমাধান করা যায়।”
দেশে সারের কোনো সংকট নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কোনো ডিলার যদি এসবের সঙ্গে জড়িত থাকেন তাহলে আগামী মাস থেকেই তাদেরর ডিলারশিপ চলে যাবে। কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না। কৃষকরা দেশের প্রাণ, তারা অবশ্যই ন্যায্যমূল্যে সার পাবেন।”
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম উপস্থিত ছিলেন।
