বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড টোল আদায়
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে।
ঈদযাত্রায় টাঙ্গাইল-সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ।
সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই টোল আদায় হয় বলে সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান।
নতুন এই রেকর্ড গত বছরের ঈদযাত্রায় ৭ জুলাইয়ের সব্বোর্চ ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায়কে ছাড়িয়ে গেছে।
সেইসঙ্গে ঢাকা থেকে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগের এই সেতুতে ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে শুধু মোটরসাইকেল পারাপার হয়েছে ১৪ হাজার ১২৩টি।
ঈদ ঘিরে এই সময়ে উত্তরবঙ্গের দিকে বেশি পরিবহন সেতু পার হয়েছে জানিয়ে প্রকৌশলী পাভেল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ৩৬ হাজার ৪৯১টি যানবাহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে সেতু দিয়ে ঢাকার পথে ঢুকেছে ১৮ হাজার ৯৯৭ যানবাহন, যাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।
