১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় ওজোপাডিকো কার্যালয়ে দুদক, চার প্রকল্পের নথি সংগ্রহ

এ সময় তারা যাচাই-বাছাইয়ের জন্য চারটি প্রকল্পের কিছু কাগজপত্র সংগ্রহ করেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2024, 09:45 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

খুলনায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ওজোপাডিকোর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক।

রোববার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত নগরীর বয়রা এলাকার কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন-দুদক সদস্যরা। এ সময় তারা যাচাই-বাছাইয়ের জন্য চারটি প্রকল্পের কিছু কাগজপত্র সংগ্রহ করেন। 

দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে ওজোপাডিকো।

অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, ১৬ বছরে সংস্থাটি দুটি প্রকল্প বাস্তবায়ন করেছে এবং আরও দুটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পগুলোর ব্যয় পাঁচ হাজার কোটি টাকা। এ প্রকল্পগুলোতে অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সে কারণে ওজোপাডিকো থেকে প্রকল্পসংশ্লিষ্ট বেশকিছু কাগজপত্র নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা সব কাগজপত্র দিতে পারেননি। সোমবার তারা বাকি কাগজপত্র দেবেন বলে জানিয়েছেন।

দুদক কর্মকর্তা রকিবুল জানান, মনপুরা দ্বীপে ১৩০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিতরণ ও সম্প্রসারণ প্রকল্প চলমান রয়েছে। সেখানে বলা হয়েছে, ওয়েস্টার্ন রিনিউয়াল এনার্জি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কেনা হবে। ইউনিট প্রতি ক্রয়মূল্য ২১ টাকা ২৫ পয়সা। কিন্তু গ্রাহকদের কাছে তা বিক্রি করা হবে চার থেকে আট টাকা করে। এর ফলে সরকারকে লোকসান গুনতে হবে।

তিনি বলেন, সাবমেরিন কেবল বা অন্য কোনো উপায়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ না করে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাড়তি দামে কেন বিদ্যুৎ কেনা হবে তা ওজোপাডিকোর কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়। তারা বলেছেন, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত।

এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। বাকি কাগজপত্র পেলে তা পর্যালোচনা করে প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান দুদক কর্মকর্তা।