Published : 07 Feb 2025, 11:10 AM
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪০) শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পূর্ব লালপুর এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের গুলি করা হয় বলে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম৷
লালপুরে মামুনের রড, সিমেন্ট, বালুর ব্যবসা রয়েছে৷
নিহতের পরিবারের অভিযোগ, তাকে ভোরে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে৷
ওসি শরীফুল বলেছেন, সিসিটিভি ফুটেজে ঘটনার সঙ্গে জড়িত হুডি জ্যাকেট পরা দুই যুবককে দেখা গেছে৷
পরিবারের সদস্যদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “গভীর রাত পর্যন্ত বাসার অদূরে ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন মামুন হোসাইন৷ কাজ শেষে বাসায় ফেরার পর অজ্ঞাত কেউ তাকে আবার ডেকে নিয়ে যায়৷ এর কিছুক্ষণ পরই তাকে গুলি করার খবর পান স্বজনরা৷
“গুলিবিদ্ধ মামুনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷”
মামুনের বড়ভাই আমজাদ হোসেন বলেন, “ভোরের দিকে মামুন বাসায় ঘুমাচ্ছিলেন৷ তাকে ঘুম থেকে ডেকে নিয়ে যায়৷ কারা তাকে ডেকে নিয়ে গেছে এখনো জানতে পারিনি৷
“মামুনের ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আজাদ নামে এক ছেলে ঘুমায়৷ গুলির শব্দ শুনে সে বেরিয়ে এসে মামুনকে থাকতে দেখে।”
স্থানীয় এক আওয়ামী লীগ নেতার পরিবারের সাথে মামুনের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল৷ হত্যাকাণ্ডের পেছনে ওই দ্বন্দ্ব কাজ করতে পারে বলে ধারণা নিহতের ভাইয়ের৷
ফতুল্লা থানার ওসি শরীফুল বলেছেন, “হত্যার কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি৷ তবে, হুডি-জ্যাকেট পরা দুই ব্যক্তি সিসিটিভি ফুটেজে স্পটেড হয়েছেন, তাদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ৷”