স্বেচ্ছাশ্রমে জলাবদ্ধতা থেকে মুক্তি পেল চাঁনপুরের মানুষ
দীর্ঘদিন ধরে এখানকার প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দুর্ভোগের শিকার হয়েছেন।
কিছুদিন আগেও জলাবদ্ধতায় ডুবেছিল কুমিল্লার চাঁনপুরের মধ্যমপাড়া এলাকাটি। মাসের পর মাস ধরে এখানকার প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দুর্ভোগের শিকার হয়েছেন।
অবশেষে কুমিল্লার স্বেচ্ছাসেবীদের সংগঠন ‘বিবেক’ এর সদস্যরা সেই জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেন। দুই শতাধিক সদস্য টানা ১২ দিন কাজ করে সেখানকার জলবদ্ধতা নিরসন করে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কার্যক্রমটি উদ্বোধন করেন।
স্থানীয় বাসিন্দা রুবিনা বেগম বলেন, “এ বছর খুব ভালো কাজ করে জলাবদ্ধতা নিরসন করা হয়েছে। আমরা আশা করছি, আমাদেরকে আর পানিবন্দি হয়ে থাকতে হবে না। সংগঠন বিবেকের উদ্যোগে যে কাজ করা হয়েছে সেজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।”
কুমিল্লা মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক চাঁনপুর এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের অন্তত আড়াইশো সদস্য টানা ১২ দিন কাজ করে এলাকা থেকে নিরসন করেছে। কাজটিই ছিলো উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের, কিন্তু তারা যে কাজটি করে দিয়েছে এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।”
স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “গণমাধ্যমে চাঁনপুর এলাকার সংবাদটি প্রকাশের পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের হাত দিয়ে আমরা খাল শুভপুর-চাঁনপুর পুনরুদ্ধারের কাজ শুরু করি। প্রায় কয়েক কিলোমিটার ভরাট হয়ে যাওয়া ড্রেন পুনরুদ্ধার করি। এতে চানপুর এলাকা থেকে পানি সরে যায়।”
ইউসুফ মোল্লা টিপু বলেন, “আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে এ বছর কাজটি করে দিলাম। যদিও এই কাজটি করার দায়িত্ব উপজেলা প্রশাসন ও ইউনিয়নের। তবে আমরা উদ্যোগ নিয়েছি, দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে এই এলাকাটিকে জলাবদ্ধতা মুক্ত করার। আশা করছি, এই এলাকার মানুষ আর ভোগান্তিতে পড়বেন না।”
