পটুয়াখালীতে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার
তিন থেকে চার দিন আগে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পটুয়াখালীতে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকালে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বহালগাছিয়া এলাকায় নিজ বসতঘরে ওই দম্পতির লাশ পাওয়া যায় বলে জেলার পুলিশ সুপার মো. আব্দুস ছালাম সাংবাদিকদের জানান।
নিহত আশ্রাফ আলী (৭৭) কলাপাড়া উপজেলার খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার স্ত্রী হোসনেয়ারা লাইলি (৭০)। তাদের এক ছেলে ও দুই মেয়ে। চাকরির সুবাদে তাদের ছেলে হিমু ঢাকায় থাকেন।
জমিজমা নিয়ে বিরোধের জেরে মা-বাবাকে খুন করা হতে পারে বলে সাংবাদিকদের জানান তাদের মেয়ে রেখা বেগম (৪৭)।
পুলিশ সুপার আব্দুস ছালাম সাংবাদিকদের জানান, দুজনের মৃত্যুই অস্বাভাবিক। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন।
তিন থেকে চার দিন আগে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না জানিয়ে পুলিশ সুপার বলেন, “তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।”
পুলিশ জানায়, অবসরপ্রাপ্ত শিক্ষক আশ্রাফ আলী দেয়াল ঘেরা বাড়িতে তার স্ত্রীকে নিয়ে থাকতেন। বসতঘরে বিছানার উপর স্ত্রীর ও আশ্রাফ আলীর লাশ খাটের পাশে মেঝেতে পড়েছিল।
মো. খলিলুর রহমান নামে এক প্রতিবেশী বলেন, নিহত দম্পতির ছেলে হিমু ঢাকায় চাকরি করেন। গত তিন দিন ধরে মা-বাবাকে ফোন করলেও তারা ফোন ধরছিলেন না। তাই বুধবার বিকালে প্রতিবেশী এক দোকানিকে ফোন করে তাদের বাসায় গিয়ে বাবা-মায়ের খোঁজ নিতে বলেন হিমু। ওই দোকানি গিয়ে বাড়ির সীমানা প্রাচীর পার হয়ে দরজা খোলা অবস্থায় হিমুর মা-বাবাকে ঘরে মৃত অবস্থায় দেখতে পান। পরে লোকজন জড়ো করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
