২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া রেলওয়ে স্টেশনের ‘সিগন্যাল কেবিনে’ এসি বিস্ফোরণ

এ ঘটনার পর মেইন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ‘লুপ লাইনে’ চলাচল সাময়িক বন্ধ ছিল।

আখাউড়া রেলওয়ে স্টেশনের ‘সিগন্যাল কেবিনে’ এসি বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ‘সিগন্যাল কেবিনে’ এসি বিস্ফোরণ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ‘সিগন্যাল কেবিনে’ এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানান আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার আরিফুল ইসলাম আরিফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে নিচতলায় স্থাপিত একটি এসি যন্ত্র বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তাপে সিগন্যাল যন্ত্রের ক্ষতি হয়। এ ছাড়া কক্ষের জানালার কাচ ভেঙে যায়। 

পরে রেল ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থান থেকে পানি সংগ্রহ করে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনার পর মেইন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ‘লুপ লাইন’ দিয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল।

কেবিন মাস্টার আরিফ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সিগন্যাল ব্যবস্থার ক্ষতি হয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সাড়ে চার ঘণ্টা পর লাইন সচল করা হয়।