২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই প্রার্থীর সমান ভোট, লটারিতে জয়ী একজন

প্রার্থীর ভোট সমান হওয়ায় নিয়ম অনুযায়ী লটারি প্রক্রিয়ায় যায় নির্বাচন কমিশন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 05:08 PM

Updated : 18 Oct 2022, 05:08 PM

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে এক নম্বর ওয়ার্ডে লটারির মাধ্যমে সাধারণ সদস্য নির্বাচন করা হয়েছে। এই ওয়ার্ডে দুই প্রার্থীই সমান ভোট পেয়েছিলেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমানের কার্যালয়ে দুই প্রার্থীর উপস্থিতিতে লটারি হয়।

রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাফিজ সাংবাদিকদের জানান, বিধি মোতাবেক দুই প্রার্থীর উপস্থিতে লটারি করা হয়। লটারিতে ঘুড়ি প্রতীকের প্রার্থী সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান নির্বাচিত হন। তাকে আনুষ্ঠানিকভাবে এক নম্বর ওয়ার্ডের সদস্য ঘোষণা করা হয়।

মজিবুরের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। গত ১৭ অক্টোবর ভোটের দিন তারা উভয়ই ১৫টি করে ভোট পান।

মঞ্জুরুল বলেন, দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় নিয়ম অনুযায়ী লটারি প্রক্রিয়ায় যায় নির্বাচন কমিশন। দুই প্রার্থী নাম ও প্রতীক পৃথক দুটি কাগজে লিখে ভাঁজ করে ব্যালট বাক্সে জমা করেন। পরে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে লটারির কাগজ তোলা হয়। কাগজের ভাঁজ খুলে মজিবুর রহমানের নাম পাওয়া যায়।

নির্বাচিত সদস্যকে তখন পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলম অভিনন্দন জানান বলে জানান তিনি।