নেত্রকোণায় দুই অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৯
পুলিশ জানায়, আশঙ্কাজনক অবস্থায় আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আরও ৯ জন আরোহী আহত হয়েছেন।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে নেত্রকোণা-কলমাকান্দা আঞ্চলিক সড়কে উপজেলার ডুবুরিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক জানান।
নিহত বেবি আক্তার (২৬) উপজেলার মনতলা গ্রামের মারুফ মিয়ার স্ত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ও চালক বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি লুৎফুল বলেন, নেত্রকোণা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কলমাকান্দা যাচ্ছিল। অপরদিকে কলমাকান্দা থেকে আরেকটি অটোরিকশা যাত্রী নিয়ে নেত্রকোণার দিকে যাচ্ছিল।
তিনি বলেন, পথে ডুবুরিকান্দা এলাকায় পৌঁছলে দুইটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেবি আক্তার মারা যান। বাকি আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আশঙ্কাজনক অবস্থায় আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।
