১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাট স্বল্পতা, নাব্য সংকটে ঈদে দৌলতদিয়ায় ভোগান্তির শঙ্কা

দৌলতদিয়ার সাতটি ঘাটের মধ্যে তিনটি ঘাট চালু আছে। ঈদ যানবাহনের চাপ দ্বিগুণ হলে সংকট তৈরি হবে- বলছেন যাত্রী ও চালকরা।

ঘাট স্বল্পতা, নাব্য সংকটে ঈদে দৌলতদিয়ায় ভোগান্তির শঙ্কা

এখনো কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী জেলার বেশকিছু পরিবহন এই নৌপথটি ব্যবহার করেন।

শামিম রেজা, ‍রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 08:12 PM

Updated : 14 Apr 2023, 08:12 PM

পদ্মা সেতু চালুর পর ব্যস্ততা হারিয়ে অনেকটা ঝিমিয়ে পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট। যানবাহনের দীর্ঘ সারি, মানুষের হাঁক-ডাকের পাশাপাশি হারিয়ে গেছে ভোগান্তিও। 

তবে আস্ন্ন ঈদযাত্রায় গাড়ির চাপ বাড়লে নানা সংকটে ফের দুর্ভোগের শঙ্কা তৈরি হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের যাত্রী ও চালকদের মধ্যে। 

পদ্মা সেতু চালুর আগে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। দেশের ২১ জেলার লাখ লাখ মানুষের যাতায়াতের এ পথে ফেরি পারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হতেন চালক ও যাত্রীরা। ঈদের সময় সেই দুর্ভোগ বেড়ে যেত কয়েকগুণ। 

পদ্মা সেতু চালুর পর বেশির ভাগ যানবাহন সেতু ব্যবহার করলেও কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী জেলার বেশকিছু যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক এখনো এই নৌপথটি ব্যবহার করেন। এ ছাড়া পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় তাদের পদ্মা পারাপারের ভরসাও এই ফেরি ঘাট।

Image

ফেরি ঘাটের অ্যাপ্রোচ সড়কটি সরু ও উঁচুনিচু হয়ে যাওয়ায় তা নিয়ে ভোগান্তিতে পড়ার কথাও জানিয়েছেন চালকরা।

দৌলতদিয়া ঘাটে কর্মরতদের সূত্রে জানা যায়, দৌলতদিয়া প্রান্তে মোট সাতটি ঘাট রয়েছে। এর মধ্যে পদ্মার ভাঙনে ২০১৯ সালে ১ নম্বর ও ২ নম্বর এবং ২০২২ সালে ৫ নম্বর ঘাট নদীতে বিলীন হয়েছে। 

গত বছর ২ নম্বর ফেরি ঘাটটি সচল করা হলেও সেটি ব্যবহার করা হচ্ছে না। নাব্য সংকটে বন্ধ রয়েছে ৬ নম্বর ফেরিঘাটটি । অর্থাৎ সচল রয়েছে শুধুমাত্র ৩, ৪ এবং ৭ নম্বর ঘাট। 

দৌলতদিয়ায় দীর্ঘদিন ধরে ফেরির টিকেট সংগ্রহের কাজ করা ঘাট শ্রমিক মো. সোহরাব হোসেন বলেন, “পদ্মা সেতু চালু হওয়ার পর গাড়ির সংখ্যা খুবই কম। কোনো প্রকার ভোগান্তি নেই। এখন দুই থেকে আড়াই হাজার যানবাহন প্রতিদিন পারাপার হচ্ছে। যানবাহন ও যাত্রীরা ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে।“ 

তবে আসন্ন ঈদযাত্রায় ফেরিঘাটের জন্য ঘরে ফেরা ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তিতে পড়তে হবে জানিয়ে তিনি বলেন, “সাতটি ঘাটের মধ্যে তিনটি ঘাট ভালো রয়েছে। আর কয়েকদিন পর ঈদ তখন যানবাহনের চাপ পড়বে দ্বিগুণ। তিনটি ফেরিঘাট দিয়ে এতো যানবাহন কাভার করা সম্ভব না।” 

এই ঘাট ব্যবহার করা যাত্রী জহিরুল ইসলাম বলেন, “এখন গাড়ির চাপ অনেকটাই কমে গেলেও ঈদে গাড়ির সংখ্যা বেড়ে যাবে। সেদিক দিয়ে দৌলতদিয়া প্রান্তে তিনটি ঘাট পর্যাপ্ত না। 

“অন্যদিকে নদীতে নাব্য সংকটের কারণে ফেরিগুলো ধীরগতিতে চলাচল করছে। এদিকেও খেয়াল রাখতে হবে কর্তৃপক্ষকে। সব মিলিয়ে মনে হচ্ছে এই ঈদেও ফেরিঘাটে এসে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে।”

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক জিহাদ বলেন, বর্তমানে যে পরিস্থিতি তার জন্য তিনটি ঘাটই পর্যাপ্ত। কিন্তু ঈদের তিনদিন আগে তো যানবাহনের চাপ বেড়ে যাবে তখন এই কয়টা ঘাট পর্যাপ্ত না। সেক্ষেত্রে অবশ্যই ঘাটের সংখ্যা বাড়ানো জরুরি। তা না হলে দুর্ভোগ সৃষ্টি হবে ফেরিঘাটে। 

ভোগান্তি কমাতে দ্রুত সময়ের মধ্যে আরও এক থেকে দুটি ঘাট বাড়ানো দরকার বলে মনে করেন এই চালক।

এদিকে পদ্মা নদীর মাঝে জেগে উঠেছে চর। যে কারণে একমুখী চ্যানেল হওয়ার দৌলতদিয়া থেকে কোনো ফেরি পাটুরিয়া ঘাটে যেতে পারলেও পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলো ওই পথ দিয়ে আসতে পারে না। যে কারণে কয়েক কিলোমিটার পথ ঘুরে আসতে হচ্ছে। ফলে ফেরি পারাপারে সময় বেশি লাগছে। 

লালন শাহ পরিবহনের চালক আবদুল মাজেদ বলেন, “নদীতে নাব্য সংকটের কারণে ফেরিগুলো অনেক পথ ঘুরে চলাচল করছে। যদি মাঝ দিয়ে একটা চ্যানেল করে দেয় তাহলে সময়টা কম লাগবে। আর ঈদের মধ্যে গাড়ির চাপ বেশি থাকে তখন তো সমস্যায় পড়তেই হবে।” 

এ ছাড়া পদ্মার পানি কমে যাওয়ায় সংযোগ সড়ক থেকে ফেরিঘাটের পন্টুন নেমে গেছে পানির নিম্ন স্তরে। ফলে দৌলতদিয়া ফেরি ঘাটের অ্যাপ্রোচ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। 

অ্যাপ্রোচ সড়কটি সরু ও উঁচু-নিচু হয়ে যাওয়ায় তানিয়ে ভোগান্তিতে পড়ার কথাও জানিয়েছেন চালকরা। 

বাসচালক আবদুল মাজেদ বলেন, “আরেকটি সমস্যা হবে অ্যাপ্রোচ সড়ক দিয়ে যানবাহন উঠা-নামা। পরিবহনের সমস্যা নেই তবে পণ্যবাহী ট্রাকগুলোর জন্য ভোগান্তিতে পড়তে হয়। মাঝে মধ্যেই মালবোঝাই ট্রাকগুলোর ইঞ্জিন বিকল হয়ে পড়ছে। সে সময় কোনো যানবাহন ফেরিতে উঠতে ও নামতে পারছে না। সেই সঙ্গে সড়কটি কাঁচা হওয়ার কারণে একটু বৃষ্টি হলে তখন তো খুবই বাজে অবস্থা সৃষ্টি হবে।”

ট্রাক চালক ইউসুফ আলী বলেন, “সংযোগ সড়ক থেকে ফেরিতে উঠা এবং ফেরি থেকে সংযোগ সড়কে উঠার অ্যাপ্রোচ সড়কটি উঁচু হয়ে গেছে। যে কারণে মাঝে মধ্যেই মালবোঝাই ট্রাকগুলো উঠতে না পেরে আটকে থাকবে। তখন যানজট সৃষ্টি হবে।” 

কুষ্টিয়া থেকে আসা আল-আমিন নামে একজন মোটরসাইকেল চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছি ঈদ যাত্রায়ও পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ থাকবে। যদি তাই হয়, তাহলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মোটরসাইকেলের চাপ বাড়বে। 

“গত ঈদেও দেখেছি মোটরসাইকেলের চাপে অনেক সময় বাস, ট্রাক ফেরিতে উঠতে পারে না। এজন‍্য আমার মনে হয় ঘাট কর্তৃপক্ষ যদি মোটরসাইকেলের জন‍্য একটি ঘাট ফাঁকা রাখে তাহলে সবার জন‍্যই সুবিধা হবে।” 

এদিকে ফেরিঘাটের পাশাপাশি লঞ্চ ঘাটও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর দৌলতদিয়া প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট নৌরুটে ৩৩টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ১৬টি লঞ্চ চলাচল করবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ঈদের আগে যাত্রী চাপ বাড়বে কয়েকগুণ। তবে যাত্রী ধারণ ক্ষমতা মেনেই পারাপার করা হবে। 

তবে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না বলেই আশা করছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

ঈদে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিয়েছে নানা উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দৌলতদিয়াতে এখন তিনটা ঘাট রয়েছে। ২ নম্বর ফেরিঘাটটি প্রস্তুত রাখা হয়েছে। যখন যানবাহনের চাপ বাড়বে তখন দুই নম্বর ঘাট দিয়েও যানবাহন পারাপার করা হবে। 

“এই মুহূর্তে নদীতে নাব্য সংকট নেই। আর অ্যাপ্রোচ সড়কে উঠানামা করতেও যানবাহনের কোনো সমস্যা হবে না। আমরা আশা করছি এবারের ঈদযাত্রায় কোনো ভোগান্তি হবে না।” 

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-সহকারী পরিচালক খালেদ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদ যাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ফেরি চলাচল করবে। আশা করি এই ফেরি দিয়ে পর্যাপ্ত যানবাহন ফেরি করা যাবে।” 

তিনি বলেন, “মাঝ নদীতে চর জাগায় ফেরিগুলো কিছুটা ঘুরে চলাচল করছে। ওয়ান ওয়ে চ্যানেল হওয়ার কারণে দৌলতদিয়া থেকে ফেরি পাটুরিয়া ঘাটে যেতে পারলেও পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলো ওই পথ দিয়ে আসতে পারে না।” 

উপ-সহকারী পরিচালক খালেদ নেওয়াজ আরও বলেন, “আমরা বিআইডব্লিউটিএ-কে বলেছি তিন নম্বর ঘাটটিও ঝুঁকির মধ্যে রয়েছে। বর্ষা মৌসুমে ঘাটটি ভেঙে যেতে পারে সে জন্য নতুন আরেকটি ঘাট জরুরিভাবে চালুর জন্য বলা হয়েছে । 

ঈদের সময় যানবাহনের চাপ বাড়লেও কোনো দুর্ভোগ হবে না জানিয়ে তিনি বলেন, তিনটা ঘাটে ছয়টি পকেট রয়েছে। এই ছয় পকেটে ছয়টি ফেরি ভিড়তে পারবে। এ ছাড়া ঈদের তিন দিন আগে ও তিন দিন পরে মোট সাত দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। 

এদিকে গত বুধবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নির্বিঘ্নে ফেরি পারাপার, লঞ্চসহ অন্য জলযান সুষ্ঠু চলাচল, ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ফেরি ও ৩২টি লঞ্চ চলাচল করবে। নদীর দুই তীরে ঘাট সংকটে কাজ করবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। 

“অতিরিক্ত ভাড়া আদায়, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘাট এলাকায় পর্যাপ্ত লাইটিং, সুপেয় পানি ও স্যালাইনের ব্যবস্থা থাকবে। চলন্ত ফেরিতে যেন জুয়াড়ুরা উঠতে না পারে সেজন্য বন্ধ থাকবে পকেট গেট।” 

আবু কায়সার খান আরও বলেন, “পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে তাই দৌলতদিয়া-পাটুরিয়ায় মোটরসাইকেলের চাপ বাড়বে। তবে পরিবার-পরিজন নিয়ে ব্যাগ-লাগেজসহ ঝুঁকিপূর্ণ হতে পারে মোটরসাইকেল যাত্রা। তাই এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করা হবে।” 

রাজবাড়ী পুলিশ সুপার এম. এম. শাকিলুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মা সেতু চালুর পর থেকে ঘাট এলাকায় তেমন ব্যস্ততা নেই। তারপরও ঈদকে সামনে রেখে কিছুটা ব্যস্ততা বাড়বে ঘাট এলাকায়। আর এই সুযোগে অজ্ঞানপার্টি, মলমপার্টিসহ দুষ্কৃতকারীদের তৎপরতা বেড়ে যায়। 

“তবে ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরাও তৎপর আছি। ঈদযাত্রা নিরাপদ রাখতে ফেরি ঘাট এলাকা, আঞ্চলিক সড়কসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে।”