টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে
উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন সাকিব।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ মামলায় ছাত্রলীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে টাঙ্গাইলের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান।
গ্রেপ্তার সাকিব মিয়া বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন সাকিব।
মামলার বরাতে পিপি আকবর বলেন, “চলতি বছরের ১৪ মে রাতে ওই গৃহবধূ ও তার স্বামী ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ নেতা সাকিব একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কথা বলে ওই গৃহবধূর স্বামীর মোটরসাইকেল নিতে তাদের বাড়িতে যান।
“কিছুক্ষণ পর গৃহবধূর স্বামীকে মোটরসাইকেল ত্রুটির কথা বলে ডেকে নেন সাকিব। এরই ফাঁকে সাইদুল মিয়া ও শাহেদ মিয়ার সহযোগিতায় ওই বাড়িতে গিয়ে গৃহবধূর মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন সাকিব।”
এ ঘটনায় গত ১৬ মে ওই গৃহবধূ বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাকিব ও তার দুই সহযোগী সাইদুল ও শাহেদের নামে মামলা করেন।
পিপি আরও বলেন, মামলার পর আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির হন সাকিব। পরে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী জিনিয়া বখশ বলেন, মামলার অপর দুই আসামি সাইদুল ও সাহেদ ২৯ মে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। পরে তারা মুখ্য বিচারিক হাকিম আদালতে জামিন আবেদন বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৫ দিন কারাভোগের পর নিম্ন আদালত থেকে তারা ২৩ জুলাই ফের জামিন পান বলে জানান আইনজীবী জিনিয়া।
