টাঙ্গাইলে মাইক্রোবাসের চাপায় হোটেল শ্রমিক নিহত
হোটেলের পানি নিয়ে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনার শিকার হন তিনি।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের চাপায় এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন।
রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান।
নিহত ৫৫ বছরের ছাদের আলী উপজেলার দিগড় ইউনিয়নের মশাজান গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি হোটেলে কাজ করতেন।
দিঘড় ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, সকালে হোটেলের পানি নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আজহারুল ইসলাম জানান, সকালে কুয়াশাচ্ছন্ন রাস্তা পারাপার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
