২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, একজন আটক

বিজিবি জানায়, উদ্ধার সাড়ে চার কেজি সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকা।

চুয়াডাঙ্গায় সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, একজন আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে ২২টি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 06:50 PM

Updated : 05 Apr 2023, 07:11 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে সাড়ে চার কেজি ওজনের ২২টি সোনার বারসহ এক ‘পাচারকারীকে’ আটক করেছে বিজিবি।

বুধবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে মহেশপুর বিজিবি- ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে দর্শনার রেল ক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তার সাঈদ খান (৪২) উপজেলার দর্শনা পৌর এলাকার বাসিন্দা।

সাইফুল ইসলাম বলেন, এক ব্যক্তি মোটরসাইকেলে করে জীবননগর উপজেলার থেকে সোনা পাচারের উদ্দেশে দর্শনার দিকে আসার খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল উথলী এলাকায় অবস্থান নেয়। 

“এক মোটরসাইকেল আরোহীকে উথলী অতিক্রম করে দর্শনার দিকে যেতে দেখে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে বিজিবি। পরে তাকে তল্লাশি করলে ২২টি সোনার উদ্ধার করা হয়। তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। 

“উদ্ধার হওয়া সোনার ওজন চার কেজি ৪১৬ গ্রাম; যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকা।” 

তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।