Published : 13 Feb 2024, 11:09 AM
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে বুধবার। পূজাকে ঘিরে ফরিদপুরে জমজমাট হয়ে উঠেছে প্রতিমা বেচাকেনার হাট। তবে ক্রেতাদের অভিযোগ, এবারের প্রতিমার দর তুলনামূলক অনেক বেশি।
প্রতি বছরই সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবীর এই পূজা মন্দির, বাসা-বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে মহা ধুমধামে উদ্যাপন করা হয়। সারা দেশের মতো ফরিদপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে বীণাপানির অর্চনা করবেন শিক্ষার্থীরা।
তাই কয়েকদিন আগে থেকেই ফরিদপুর শহরের থানা রোডে দু’পাশে কয়েক হাজার দেবী প্রতিমা নিয়ে হাজির হয়েছেন মৃৎশিল্পীরা। নানা আকারে নানা সাজের এই প্রতিমা দেখতে ও কিনতে ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শেষ মুহূর্তের বেচাকেনায় দুপুর থেকে রাত অবধি জমজমাট থাকছে এই প্রতিমার হাট। তবে ক্রেতা সাধারণ অভিযোগ করছেন, গত কয়েক বছরের তুলনায় এবারের প্রতিমার দর তুলনামূলক অনেক বেশি।
সোমবার সন্ধ্যায় ফরিদপুর শহরের থানা রোডে গিয়ে দেখা যায়, দেবী সরস্বতীকে অনন্য সাজে সজ্জিত করেছেন প্রতিমার কারিগরেরা।
কথা হয় প্রতিমা বিক্রেতা বিধান চন্দ্র দাসের সঙ্গে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি প্রায় ১০ বছরের বেশি সময় প্রতিমা ব্যবসার সঙ্গে জড়িত। এ বছর এই হাটে আমরা দেড়শ প্রতিমা নিয়ে এসেছি।”

“মঙ্গলবার রাত পর্যন্ত প্রতিমা বিক্রি হবে। প্রকার ভেদে সর্বনিম্ন ২০০ থেকে দশ হাজার টাকার মধ্যে এই প্রতিমা বিক্রি করা হয়। এবার ভালো লাভ থাকবে আশা করছি।”
সোমবার রাতে বাজারে প্রতিমা কিনতে এসে শহরের শোভারামপুর এলাকার আশিষ পোদ্দার বিমান (৫৬)। তিনি বলেন, “প্রতিবছর বাড়িতে সরস্বতী পূজা করে থাকি। তার জন্য প্রতিমা কিনতে এসেছি। নানা রূপে দেবী সরস্বতীকে তৈরি করা হয়েছে।ঘুরে দেখছি, দরদাম জানছি।”

তবে এবার দাম তুলনামূলক কিছুটা বেশি উল্লেখ করে সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর দেবাশীষ রায় বলেন, “নানান সাজে বিদ্যা দেবী সরস্বতী প্রতিমাকে উপস্থাপন করেছে মৃৎশিল্পীরা। তবে গত বছরও যে প্রতিমা ৭০০ টাকায় কিনতে পেরেছি এবার তা হাজার টাকায় কিনতে হচ্ছে।“
“তারপরেও সনাতন ধর্মের প্রায় সকলেই দেবী সরস্বতীকে ভালোবেসে তার পূজা অর্চনা করবে। এই হাটের সুবিধা রয়েছে, বিভিন্ন প্রকারের প্রতিমা যার যেমন সাধ্য তিনি সেটাই নিতে পারবেন। এজন্যই এই হাটে ভক্তবৃন্দের আগমন বেশি।”
প্রতিমা বিক্রেতারা বলছেন, প্রতিমা তৈরিতে ব্যবহৃত সব ধরনের উপকরণের দাম বেড়ে গেছে। বিশেষ করে মাটির দাম ও কারিগরের মজুরি বৃদ্ধির কারণে তাদের খরচ অনেক গেছে।

ফরিদপুর জেলা পূজা উদ্যাপন কমিটির সহ-সাধারণ সম্পাদক অজয় কুমার রায় বলেন, ফরিদপুরের এই প্রতিমা হাটে জেলা শহরের শুধু নয়, আশেপাশের উপজেলা থেকেও মানুষ এসে তার পছন্দের প্রতিমা কিনে নিয়ে যান।
“ফরিদপুরে বরাবরই মহা ধুমধামে সরস্বতী পূজা উদ্যাপিত হয়, এবারও তার ব্যত্যয় হবে না। আমরা আশা করছি শান্তিপূর্ণভাবে দেবীর পূজা অর্চনা শেষ হবে।”