নৌকা ছাড়া অন্য কোনো মার্কার অস্তিত্ব নেই, টাঙ্গাইলে কৃষিমন্ত্রী
নৌকার বাইরে ট্রাক, ছাতি, ঈগল কোনো মার্কা না বলে মন্তব্য করেছেন আব্দুর রাজ্জাক।
টাঙ্গাইল-৪ আসনে নৌকা ছাড়া অন্য কোনো মার্কার অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
তিনি বলেছেন, “নৌকার বাইরে ট্রাক, ছাতি, ঈগল কোনো মার্কা না। এ এলাকার মানুষ সারা জীবন আওয়ামী লীগ, নৌকা ও মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এবারেও তারা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন।”
বৃহস্পতিবার বিকালে কালিহাতী উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে নৌকার প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতি অব্যাহত থাকবে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, “এই নৌকা মাওলানা ভাসানীর নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, উন্নয়নের নৌকা। কোনো ষড়যন্ত্রের দিকে না তাকিয়ে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
“দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করে দেখেছি, অনেক সূর্য ও নক্ষত্রের পতন হয়েছে। আমরা দেখেছি অনেক বড় বড় নেতা মশাল নিয়ে আলোকিত করতে চেয়েছে, কেউ কেউ নীতি আদর্শ বিসর্জন দিয়ে ধানের শীষ নিয়েও নির্বাচন করেছেন। কিন্তু তারা কেউই জনগণের মন জয় করতে পারেন নাই।
“দেশের শান্তি ও উন্নয়ন চাইলে সব ধর্মের মানুষকে শান্তিতে থাকতে হলে নৌকার কোনো বিকল্প নাই। আবার যদি জামায়াত-শিবির তাদের ষড়যন্ত্রের মাধ্যমে নৌকাকে পরাজিত করতে পারে, তাহলে দেশের মানুষের ভাগ্যে আরও দুর্দশা নেমে আসবে।”
নৌকার প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারকে সংসদ সদস্য নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান মন্ত্রী।
এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলার সভাপতিত্বে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুজ্জামান স্মৃতি ও আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও কালিহাতী পৌর মেয়র নুরন্নবী সরকার এ সময় বক্তব্য দেন।
