২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় ১৫ জেলেকে জরিমানা

জব্দ করা জাল আগুনে পুড়ে নষ্ট এবং মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানান চাঁদপুরের মৎস্য কর্মকর্তা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2024, 08:08 PM

Updated : 23 Feb 2024, 08:07 PM

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করায় আটক ১৫ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে উপজেলার নীলকমল পুলিশ ফাঁড়ি সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান হাইমচর উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।


দণ্ড পাওয়ারা হলেন- খোরশেদ (৩৮), মো. সোহাগ (৩২), মো. রাছেল (২৯), রিয়াদ মিজি (২৭), মো. মোহন মীর (২১), মো. শাওন (২০), মো. শান্ত মোল্লা (১৯), মো. বাবু (২০), মো. রাজিব বেপারী (৩০), মো. হৃদয় মীর (২৫), সেলিম মীর (৫০), মো. রুবেল (৩৫), মো. রিয়াদ (২৫), সোহাগ খান (৩০) ও আবু বকর বেপারী (৫০)।


হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ বলেন, ‘বিশেষ কম্বিং অপারেশনের’ চতুর্থ ধাপের দ্বিতীয় দিন বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মেঘনা নদীর চরভৈরবী এলাকায় টাস্ক ফোর্স যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে নিষিদ্ধ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি চরঘেরা জাল জব্দ করা হয়। এ ছাড়া নিষিদ্ধ ঘন ফাঁসের জাল দিয়ে ধরা ১০০ কেজি জাটকা, চেউয়া মাছের একটি ব্রুড স্টকসহ ১৫ জেলেকে আটক করা হয়।


আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী হাকিম তাদের ৩০ হাজার টাকা জরিমানা করেন বলে জানান মৎস্য কর্মকর্তা মাহবুব।

পরে ইউএনওর উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে নষ্ট এবং মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানান তিনি।


অভিযানে নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।