নিষেধাজ্ঞার সময় মাছ শিকারে নেমে ১২ জেলে আটক, জরিমানা
১১ জনকে জরিমানা ও একজনকে মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
লক্ষ্মীপুরের রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে নামায় ১২ জেলেকে আটক করে জরিমানা করেছে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড।
বৃহস্পতিবার মেঘনা নদীর আজগর সওদাগরের চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক এবং চারটি নৌকা ও পাঁচ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
পরে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ১১ জেলেকে দুই হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দ হওয়া নৌকাগুলোর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
