২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে রেললাইনে মা-মেয়েসহ ৪ নারীর মৃত্যু

যাকাতের কাপড় নেওয়ার উদ্দেশ্যে ওই নারীরা ভোরে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

টাঙ্গাইলে রেললাইনে মা-মেয়েসহ ৪ নারীর মৃত্যু

কালিহাতীর সল্লা কামাক্ষা মোড়ে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি নারীদের ধাক্কা দেয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 09:52 AM

Updated : 19 Apr 2023, 10:05 AM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইনে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক নারী। 

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সল্লা কামাক্ষা মোড় সংলগ্ন ১৬ নম্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান। 

হতাহতরা সবাই ভূঁঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন, অনতী চন্দ্র দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), হরিপদের স্ত্রী শান্তি (৪৫), তার মেয়ে শিল্পী (২৫) ও গোপালের স্ত্রী বাসন্তী (৬০)। আহত হয়েছেন জোসনা রানী দাস। 

স্থানীয়দের বরাতে এসআই নাজমুল জানান, যাকাতের কাপড় নেওয়ার উদ্দেশ্যে ওই নারীরা বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

তারা কালিহাতী উপজেলার সল্লা কামাক্ষা মোড় পর্যন্ত পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। 

নাজমুল বলেন, ধারণা করা হচ্ছে ভোরে আলো কম থাকায় ট্রেন আসার বিষয়টি টের পাননি ওই নারীরা।  একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হন আরেক নারী।

গুরুতর আহত অবস্থায় জোসনা রানীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই।