নাটোরে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
ঈশ্বরদী ইপিজেডের কর্মীরা সকালে পাবনা-নাটোর মহাসড়কের কদমচিলান থেকে কর্মস্থলে যেতে লেগুনায় উঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের লালপুরে দাঁড়িয়ে থাকা লেগুনায় ট্রাকের ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিমুল ইসলাম।
নিহত সীমা খাতুন (২৫) লালপুরের কদিমচিলান এলাকার মাজেদুল ইসলামের স্ত্রী। তিনি ঈশ্বরদী ইপিজেডের একজন পোশাক শ্রমিক।
আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আলিমুল ইসলাম বলেন, সকালে পাবনা-নাটোর মহাসড়কের কদমচিলানে দাঁড়িয়ে লেগুনায় উঠছিলেন ঈশ্বরদী ইপিজেডের কর্মীরা। এ সময় পাবনাগামী একটি ট্রাক লেগুনার পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়।
এ ঘটনায় আহতদের উদ্ধারের পরে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
স্বজনদের আবেদনে নিহতের লাশ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাক ও লেগুনাটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে তবে ট্রাকের ড্রাইভার ও হেল্পার পালিয়ে গেছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
