গাজীপুরে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু
ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
গাজীপুরে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাজারে যাওয়ার পথে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে সাতটায় কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের গোড়াই থানার ওসি মোল্লা টুটুল।
নিহত সন্তোষ সাহা (৭০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শাহপাড়া এলাকার নাতু সাহার ছেলে।
ওসি মোল্লা টুটুল জানান, বুধবার সকালে সন্তোষ সাহা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চালক ও গাড়িটি আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
