২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিহতের স্ত্রী জানান, তাদের দুই ছেলে। এক ছেলের বয়স চার বছর, আরেকজনের বয়স দেড় বছর।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2023, 04:38 PM

Updated : 26 Feb 2023, 04:38 PM

মাদারীপুরের সদর উপজেলায় সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের একটি কৃষি জমিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।

নিহত আলাউদ্দিন বেপারী (৪০) একই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, সকালে আলাউদ্দিন বেপারী বোরো ধানের জমিতে সেচ দেওয়ার জন্য তার জমিতে যান। সেখানে সেচ পাম্প চালু করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাসরিন বেগম জানান, তাদের দুই ছেলে। এক ছেলের বয়স চার বছর, আরেকজনের বয়স দেড় বছর।

“ছোট ছেলে এখনো ‘বাবা’ বলে ডাকতে পারে না। বড় ছেলে এখনো স্কুলে ভর্তি হয়নি। আমি এখন কিভাবে ওদের নিয়ে বাচবো?”বলে কাঁদতে থাকেন তিনি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দেখছে বলে জানান ওসি মনোয়ার।