Published : 22 Aug 2026, 05:24 PM
জয়পুরহাটে কয়েল স্প্রিং ও বডি ভেঙে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এতে সাড়ে তিনঘণ্টা পর উত্তরাঞ্চলের পথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে পার্বতীপুর ও সান্তাহার থেকে আসা উদ্ধার ট্রেন ও মেকানিক্যাল বিভাগের জনবল দিয়ে ট্রেনটিকে সচল করে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন জয়পুরহাট রেলস্টেশন মাস্টার রফিক চৌধুরী।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়।
বরেন্দ্র ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন বলেন, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন। তবে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।
এতে উত্তরাঞ্চলের পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত জয়পুরহাট রেলস্টেশনের উভয় পাশে চিলাহাটি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ও তিতুমীর এক্সপ্রেস নামের তিনটি ট্রেন আটকে পড়ে।
জয়পুরহাট রেলস্টেশন মাষ্টার রফিক চৌধুরী বলেন, খবর পেয়ে পার্বতীপুর ও সান্তাহার থেকে উদ্ধার ট্রেন ও মেকানিক্যাল বিভাগের জনবল দিয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিকে সচল করে।
পরে ১২টার পর বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে যাত্রা করে এবং ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান তিনি।
আগের সংবাদ
জয়পুরহাটে ভেঙে গেছে বরেন্দ্র এক্সপ্রেসের ‘কয়েল স্প্রিং’, ট্রেন চলাচল বন্ধ