১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে ভেঙে গেছে বরেন্দ্র এক্সপ্রেসের ‘কয়েল স্প্রিং’, ট্রেন চলাচল বন্ধ

জয়পুরহাট রেলস্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, আশপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 12:41 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেসের’ কয়েল স্প্রিং ও বডি ভেঙে জয়পুরহাটে বিকল হয়ে পড়েছে। চালক ও পরিচালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন শত শত যাত্রী। 

তবে উত্তরাঞ্চলের পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায় বলে জানান ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন। 

তিনি জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন। তবে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়েছে।

উদ্ধার তৎপরতা সম্পর্কে বরেন্দ্র ট্রেনের পরিচালক বলেন, ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার রেল কর্তৃপক্ষ খবর পেয়ে ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন ও মেকানিক্যাল বিভাগের জনবল ঘটনাস্থলে পাঠিয়েছেন।

এদিকে আকস্মিক এই বিকলের কারণে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জয়পুরহাট রেলস্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, আশেপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। আশা করা যায় দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।