১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

চিকিৎসক জানান, ওই বৃদ্ধার শরীরের ২৫ শতাংশ পুড়েছিল।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 12:32 PM

Updated : 19 Jan 2024, 12:32 PM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনারুল হক জানান।

নিহত ফাতেমা বেগম (৭০) উপজেলার বাড়াইপাড়া গ্রামের প্রয়াত রুহুল্লাহ ভাটিয়ার স্ত্রী।

নিহতের ছেলে শাহ আলম বলেন, বৃহস্পতিবার সকালে পাশের বাড়িতে আগুন পোহাতে যান তার বৃদ্ধা মা। তখন অসাবধানতাবশত তার শাড়িতে আগুন লাগে। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে রংপুর নেওয়ার পথে তার মা মারা যান বলে জানান শাহ আলম।

ফাতেমা বেগমের শরীরের ২৫ শতাংশ পুড়েছিল জানিয়ে চিকিৎসক আনারুল হক বলেন, “আমাদের এখানে ওই বৃদ্ধার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নেওয়ার আগেই তিনি মারা যান।”

হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, “কনকনে শীতে বৃদ্ধ ও শিশুরা মারাত্মক সমস্যায় রয়েছে। কিন্তু শীত নিবারণে আগুনের কাছে গেলে সবাইকে সাবধানতা অবলম্বন করা উচিত।”