১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নাব্য সংকট: ৬১ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু

ছোট বড় মোট চারটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2024, 04:19 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে ৬১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।  

সোমবার বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দিলে বেলা সোয়া ১২টার দিকে কাজিরহাটের উদ্দেশ্যে ফেরি ‘ধানসিড়ি’ রওনা হয় বলে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে ১৪ কিলোমিটার এই নৌপথের আরিচা চ্যানেলে ডুবো চরের কারণে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। তারপর থেকে সেখানে ড্রেজিং কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

আব্দুল্লাহ বলেন, “বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কাজ শেষে ফেরি চলাচলের অনুমতি দেওয়ার পর কাজির হাটের উদ্দেশ্যে রওনা হয় ফেরি ধানসিড়ি। সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলো পারাপার করা হবে।”

আরিচা-কাজিরহাট নৌপথে ছোট বড় মোট চারটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা জানান।

২০০১ সালে পাটুরিয়ায় ফেরিঘাট স্থানান্তর করা হলে স্থবির হয়ে পড়ে আরিচা ফেরি ঘাটটি। দীর্ঘ দুই দশক পর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পুনরায় চালু হয় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল।

নাব্য সংকটের কারণে পহেলা নভেম্বরও সাড়ে ৩৭ ঘন্টা এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিলো।