Published : 23 Oct 2025, 10:08 PM
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এক কারখানার তৈরি পোশাক কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে কর্মীরা জৈনাবাজারে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।
এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশ গেলে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েন।
পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে বেলা ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের দাবি, বার বার তারিখ দিয়েও মালিকপক্ষ সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করছে না। সর্বশেষ বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের তারিখ দিলেও কাজে এসে তারা জানতে পারেন, বেতন দেওয়া হবে না।
পরে তারা কাজ বন্ধ করে সকাল সাড়ে ৮টা থেকে কারখানা অভ্যন্তরে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ কারখানার বাইরে অবস্থান নেয়।
দুপুরের পর শ্রমিকরা মধ্যাহ্ন বিরতিতে কারখানার বাইরে যান, পরে তারা কাজে না ফিরে সড়ক অবরোধ করেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, শ্রমিকদের সরিয়ে দেওয়া হলে বিকাল ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়। আগামী রোববার বকেয়া বেতন পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা সন্ধ্যায় কারখানা প্রাঙ্গণ ত্যাগ করেন।

তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখনো কারখানার সামনে শিল্প ও থানা পুলিশ অবস্থান করছে।
এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনির হোসেন বলেন, শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে।
কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রোববার বকেয়া বেতন পরিশোধের কথা জানানো হয়েছে।
এর মধ্যে শুক্র ও শনিবার কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে তথ্য দেন মনির হোসেন।