২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমির গ্রেপ্তারে বিক্ষোভ কুমিল্লায়, আটক ২

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে মঙ্গলবার ভোররাতে ঢাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

জামায়াত আমির গ্রেপ্তারে বিক্ষোভ কুমিল্লায়, আটক ২

নগরীর সালাউদ্দিন মোড় থেকে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল শুরু হয়; টমছম ব্রিজ এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 12:06 AM

Updated : 14 Dec 2022, 12:06 AM

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত মঙ্গলবার বিকালের এই মিছিল চলাকালে নগরীর লাকসাম সড়কের কাসেমুল উলুম মাদ্রাসা এলাকা থেকে দলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

এরা হলেন আদর্শ সদর উপজেলার রঘুরামপুরের মো. রবিউল ইসলাম (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকসিনা গ্রামের মো. নুরুল আমিন (৩৩)।

সংগঠনটির একাধিক নেতা তাদের মহানগর জামায়াতে ইসলামীর কর্মী বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক কাউন্সিলর মোশারফ হোসাইনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর সালাউদ্দিন মোড় থেকে শুরু হয়। পরে মিছিলটি টমছম ব্রিজ এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার সময় পুলিশ আসার খবর পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় পাশের কাসেমুল উলুম মাদ্রাসা এলাকা থেকে দুই জনকে আটক করে পুলিশ। 

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, নাসির আহম্মেদ মোল্লা, মহানগর নেতা কাজী নজির আহমেদ,  মোহাম্মদ হোসাইন, দেলোয়ার হোসাইন সবুজ, ছাত্র শিবিরের কুমিল্লা মহানগর সভাপতি ইউসুফ আবদুল্লাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি সাইফুল ইসলামসহ নেতারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে। বিকাল ৩টার দিকে হুট করে জামায়াত-শিবিরের লোকজন মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দুই জনকে আটক করা হয়েছে।

ঢাকার যাত্রাবাড়ী থানার একটি মামলায় মঙ্গলবার ভোররাতে ঢাকার বাড়ি থেকে জামায়াত আমির শফিকুরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

শফিকুরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গত ৯ নভেম্বর সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর তিনি এখন কারাগারে রয়েছেন।

আরও পড়ুন:

নতুন জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক জামায়াত আমির: পুলিশ

র‌্যাবের জালে নতুন জঙ্গি দল, কারা এরা?

নতুন জঙ্গি দলের ‘পাহাড়ি যোগ’ পেয়েছে র‌্যাব

নিখোঁজ ‘৫৫ জন’ নতুন জঙ্গি দলে, ৩৮ জনের তালিকা দিল র‌্যাব

জামায়াত আমিরের ছেলে গ্রেপ্তার

জঙ্গি সম্পৃক্ততা: জামায়াত আমির শফিকুর ৭ দিনের রিমান্ডে