Published : 01 Jul 2025, 12:25 AM
ভোলার তজুমদ্দিনে এক ব্যক্তিকে চাঁদার দাবিতে আটকে রেখে মারধরের পর তার স্ত্রীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগে মামলা হয়েছে।
সোমবার উপজেলা সদরের কামারপট্টি রোডের ওই ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা হয়েছে বলে এ থানার ওসি মোহাব্বত খান জানিয়েছেন।
তিনি বলেন, ছয়জনকে চিহ্নিত করা হয়েছে। অজ্ঞাত আরও পাঁচজনের নামে মামলা হয়েছে।
ওই দম্পতি সাংবাদিকদের বলেন, শনিবার রাতে দ্বিতীয় স্ত্রীর ডাকে তার বাসায় যান স্বামী। সেখানে গেলে কয়েকজন তাকে আটকে রেখে টাকার দাবিতে রাতভর নির্যাতন চালান। তার প্রথম স্ত্রীকে টাকা নিয়ে স্বামীকে ছাড়িয়ে নিয়ে যেতে বলা হয়।
রোববার সকালে প্রথম স্ত্রী ঘটনাস্থলে গেলে চার লাখ টাকা দাবি করা হয়। সেটি দিতে অসম্মতি জানালে ওই ব্যক্তিকে পাইপ ও রড দিয়ে বেদম মারধর করা হয়। একপর্যায়ে দুপুরের দিকে তাকে বাড়ি থেকে সরিয়ে তার প্রথম স্ত্রীকে ‘দলবদ্ধ ধর্ষণ’ করা হয়। এরপর সেই ব্যক্তি ও তার প্রথম স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়।
তজুমদ্দিন উপজেলা শ্রমিকদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন ‘ধর্ষণ’ করেন বলে অভিযোগ দম্পতির।
এ ব্যাপারে আলাউদ্দিনের মোবাইলে ফোনে কল দিলে নম্বর বন্ধ পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে জেলা শ্রমিক দলের সভাপতি মো. মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এমন ঘটনার কথা শুনেছি। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেব।”
ওসি মোহাব্বত খান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।