২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ফুটপাতে জন্ম নেওয়া নবজাতক রেখে মা উধাও

নবজাতককে দত্তক নিতে অনেকেই আগ্রহ দেখিয়েছেন।

সিরাজগঞ্জে ফুটপাতে জন্ম নেওয়া নবজাতক রেখে মা উধাও
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 09:26 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

গভীর রাতে এক নারীর কান্নার আওয়াজে জেগে ওঠেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর সদরের লোকজন। ঘটনাস্থলে গিয়ে দেখেন ফুটপাতে এক মা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। 

এরপর স্থানীয়রা মা ও নবজাতককে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কিছু সময় পর নবজাতককে হাসপাতালে রেখে মা উধাও হয়ে যান।

মঙ্গলবার সকাল থেকে নবজাতককে দেখতে হাসপাতালে মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকেই নবজাতককে দত্তক নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, রাত ২টার দিকে স্থানীয়রা হোয়াটস অ্যাপে মা ও নবজাতককের খবর দেন। পরে জানতে পারি ওই নারী পালিয়ে গেছেন। ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তিনি বলেন, “শিশুটি এখন সুস্থ আছে। সকাল থেকেই অনেকে দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি। যাচাই-বাছাই শেষে একজন দায়িত্ববান ব্যক্তির কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।” 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, “নবজাতকের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”