টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র দগ্ধের ঘটনায় মামলা
স্বজনদের দাবি, তাদের ছেলে এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে আতশবাজি বানানোর চেষ্টা করছিল।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে তেজস্ক্রিয় দ্রব্যের বিস্ফোরণে মাদ্রাসা ছাত্রের হাত-পা ও মুখ ঝলসে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে।
বুধবার রাতে বিস্ফোরক দ্রব্য আইনে মাদ্রাসা ছাত্র মতিউর রহমানের (২৩) নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চারজনকে আসামি করে টুঙ্গিপাড়া থানার এসআই শুকুর আলী মামলাটি করেছেন বলে ওসি আইয়ুব আলী জানান।
আহত মতিউর রহমান টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে ও গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি মাদ্রাসার ছাত্র।
মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা গ্রামের মোস্তাক আহম্মেদের বাড়িতে ছেলে মতিউর রহমানসহ কয়েকজন ককটেল বানাচ্ছিল। এ সময় একটি বিস্ফোরিত হয়। এতে হাত-পা ও মুখ ঝলসে গিয়ে মতিউর গুরুতর জখম হন। তবে সঙ্গে থাকা চারজন দৌড়ে পালিয়ে যায়।
বিস্ফোরণের শব্দে স্থানীয়রা মতিউরের বাড়িতে ছুটে আসেন।
তারা মতিউরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
এ কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
আহত মাদ্রাসা ছাত্র বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পুলিশ পাহারায় চিকিৎসাধীন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
যদিও আহত মতিউরের বাবা মোস্তাক আহম্মেদ ও দুলাভাই কাইয়ুম দাড়িয়ার দাবি, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মতিউর আতশবাজি বানানোর চেষ্টা করছিল। তখন বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙুল উড়ে যায়। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশ ঝলছে গেছে বলে তারা জানান।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, মঙ্গলবার দুপুরে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে তারা অবিস্ফোরিত একটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।
ওসি আরও বলেন, এছাড়া ঘটনাস্থল থেকে এসএস পাইপের টুকরো অংশ, একটি বাঁশের হাতলযুক্ত লোহার হাতুড়ি, দিয়াশলাই বাক্সের ১৮টি খোসা ও বারুদ ছাড়ানো ৩০০টি কাঠি জব্দ করা হয়েছে।
“বিষয়টি নিয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাকি আইনগত ব্যবস্থা নেওয়া হবে,” বলেন ওসি।
আরো পড়ুন:
