২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশা: দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট ফেরি চলাচল শুরু

ঘাট এলাকায় ছোট বড় যানবাহন আটকা পড়লে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

মানিকগঞ্জ প্রতিনিধি

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 01:17 PM

Updated : 07 Jan 2023, 05:39 PM

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

এ সময় ঘাট এলাকায় ছোট বড় যানবাহন আটকা পড়লে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব‌্যবস্থাপক মো. আলিম দাঈয়ান জানান, শনিবার সকাল সাড়ে ১০ টায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়। সে সময় মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়ে।

কুয়াশা কিছুটা কমে যাওয়ায় বেলা ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয় বলে বিআইড‌ব্লিউ‌টি‌সি পাটুরিয়া ঘাট শাখার সহকারী ব‌্যবস্থাপক আব্দুস সালাম জানিয়েছেন।

সকাল ৯টায় দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাট এলাকা একেবারেই ফাঁকা; কয়েকটি ফেরি নোঙ্গর করে রাখা হয়েছে।

ফেরি বন্ধ থাকায় কিছু পণ‍্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস ঘাটে আটকে আছে। এসব গাড়ির ভেতরে যাত্রীরা কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে; আবার কেউ ঘাটে হাঁটাহাঁটি করছে।

রয়েল এক্সপ্রেস পরিবহনের যাত্রী আলিম শেখ বলেন, “সকাল ৮টা থেকে ঘাটে বসে আছি। কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। শীতে গা ঠাণ্ডা হয়ে আসছে।”

কামরুজ্জামান নামের আরেক যাত্রী বলেন, “শীত মৌসুমে এই রুটে মানুষের দুর্ভোগের শেষ নেই। প্রায়দিনই ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকছে। এ পরিস্থিতিতে ফেরি চলাচল যেন স্বাভাবিক থাকে সেই ব‍্যবস্থা করা উচিত কর্তৃপক্ষের।”

ঝিনাইদহ থেকে আসা ট্রাক চালক ইসলাম সরদার বলেন, “ভোরে ঘাটে এসেছি। ফেরিতে উঠার পর জানতে পারি কুয়াশায় ফেরি যাবে না; অপেক্ষায় আছি কখন ফেরি ছাড়বে। ফেরি চলাচল বন্ধ না থাকলে এত সময় ঢাকাতে পৌঁছে যেতাম।”

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব‌্যবস্থাপক মো. আলিম দাঈয়ান বলেন, “সকাল সাড়ে ৭টার দি‌কে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সে সময় নদী পথ দৃষ্টি সিমার বাইরে চলে গেলে নৌ-দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি বন্ধ ক‌রে দেওয়া হয়।

কুয়াশা কেটে যাওয়ায় পর আবার ফেরি চলাচল শুরু হয়। তবে যানবাহনের চাপ না থাকায় ঘাট এলাকায় যানজট নেই।”

বিআইড‌ব্লিউ‌টি‌সি পাটুরিয়া ঘাট শাখার সহকারী ব‌্যবস্থাপক আব্দুস সালাম বলেন, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে ঘাট এলাকায় আটকা পড়ে প্রায় শতাধিক ছোট-বড় যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

এছাড়া কুয়াশার কারণে চার ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হলে অর্ধ শতাধিক ট্রাক ও ছোট গাড়ি আটকা পড়ে বলে বিআইড‌ব্লিউ‌টি‌সি এর আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ জানান।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চালু হয়েছে।