২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য বাড়ায় পরিবহনসহ সব খাতের খরচ বৃদ্ধি পাবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2022, 07:08 PM

Updated : 06 Aug 2022, 07:08 PM

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলন।

শনিবার বিকেলে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনের জেলা কমিটি।

এ সময় বক্তরা বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারে এসে ঠেকেছে। সেখানে কোনো রকম আগাম ঘোষণা ছাড়া রাতের আধারে সরকার জ্বালানি তেলের দাম ৫০ ভাগ বাড়িয়েছে। এতে রাজধানীসহ জেলা শহরে পরিবহন চলাচল সীমত হয়ে পড়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ায় জনভোগান্তি বেড়েছে উল্লেখ করে নেতারা বলেন, ডিজেল ও অকটেনের দাম বাড়াতে পরিবহনসহ সব খাতের খরচ বৃদ্ধি পাবে। এর চাপ মধ্য ও নিম্নবিত্ত পরিবার সামাল দিতে পারবে না।

তারা আরও বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত সাত বছরে জ্বালানি তেল বিক্রি করে লাভ করেছে ৪৭ হাজার কোটি টাকা। এ টাকা দিয়ে আগামী তিন বছরের লোকসান পুষিয়ে নেওয়া যেত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বক্তারা।

গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য ইয়াসমিন সুলতানা, সাকিবুল ইসলাম সাফিন, জামান কবির, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সদস্য জালাল উদ্দিন, মোসা.রুমা আক্তার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি জাবের মোহাম্মদ।

এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল নগরীতে মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।