বগুড়ায় অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ
“শান্তিপূর্ণ কর্মসূচি বলে পুলিশও কিছু বলেনি। এখন কর্মসূচি সংক্ষিপ্ত হলেও ভোটের আগে আবারও তীব্র হবে।
সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার সকাল ৯টা থেকে ২৫ মিনিট ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার লিচুতলা দ্বিতীয় বাইপাসে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেড় মাসের বেশি সময় ধরে দফায় দফায় হরতাল-অবরোধ পালন করছে বিএনপি। এসব কর্মসূচির সমর্থনে দলটির নেতাকর্মীদের মিছিল ও সমাবেশে পুলিশের বাধার খবর দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া গেলেও বগুড়ার কর্মসূচিকে ‘শান্তিপূর্ণ’ বলছে পুলিশ।
জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লিটন শেখ বাগা বলেন, “দ্বিতীয় বাইপাস সড়ক পুলিশ বন্ধ করে দেয়। সেখানে আমরা অবরোধের সমর্থনে কর্মসূচি পালন করে আমরা চলে আসি।
“শান্তিপূর্ণ কর্মসূচি বলে পুলিশও কিছু বলেনি। এখন কর্মসূচি সংক্ষিপ্ত হলেও ভোটের আগে আবারও তীব্র হবে।
এর আগে সকাল থেকেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিযার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের নেতৃত্বে মহাসড়কের লিচুতলা দ্বিতীয় বাইপাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে অবরোধ সমর্থকেরা।
বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী ছাড়াও সহযোগী সংগঠনের নেতারা এতে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ কর্মসূচির সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে থাকলেও তারা বাধা দেয়নি। প্রায় ২৫ মিনিট কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা নিজ থেকেই বাইপাস সড়ক থেকে সরে যান।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “প্রায় ২৫ মিনিট বিএনপির নেতাকর্মীরা দ্বিতীয় বাইপাস সড়কে অবরোধ কর্মসূচি করেছে। যেহেতু ‘শান্তিপূর্ণ’ রাজনৈতিক কর্মসূচি ছিল এবং বাইপাসে কোনো গাড়ি চলছিল না, তাই কোনো বাধা দেওয়া হয়নি।
কর্মসূচি শেষে তারা নিজেরাই চলে গেছেন।”
