সিত্রাংয়ের প্রভাবে মাদারীপুরে বৃষ্টিতে ভোগান্তি
ভারী বর্ষণের কারণে জেলা শহরের সড়কে মানুষ ও গাড়ি চলাচল ছিলো খুব কম।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মাদারীপুরে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
রোববার রাত শুরু হওয়া বৃষ্টি সোমবার সকালে আরও বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বাতাসের গতি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল থেকে রাজৈর, কালকিনি, শিবচরসহ জেলার সব উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। পেট চালানোর তাগিদে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে কাজের সন্ধানে বাইরে বের হয়েছেন।
মাদারীপুর শহর ঘুরে দেখা গেছে, ভারী বর্ষণের কারণে সড়কে মানুষের আনাগোনা কম। কিছু লোকজনকে ছাতা মাথায় দিয়ে বের হতে দেখা গেছে। সড়কে গাড়ি চলাচলও ছিলো খুব কম। মাঝে মাঝে কয়েকজন অটোরিকশা ও রিকশা চালককে যাত্রীর খোঁজে ঘুরতে দেখা গেছে। অনেকে মোটরসাইকেলে ভিজে ছুটছিলেন গন্তব্যে।
শহরের কলেজ রোড এলাকায় মাথায় প্লাস্টিক জড়িয়ে রিকশা নিয়ে ঘুরতে দেখা গেলো রুহুল আমিনকে। বৃষ্টির মধ্যে কেনো বেরিয়েছেন জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সব জিনিস কিন্না খাইতে হয়। ঘরে বইসা থাকলে তো কেউ খাওনা দিয়া আসবো না। রিকশা লইয়া বের হইছি এখন আল্লাহ মিলাইলে যাত্রী পাইমু।”
শরীফ বাড়ি এলাকার চা দোকানি সেলিম মোল্লা বলেন, “ভোর থেকে এই দুর্যোগ শুরু হইছে। সকাল থেকে দোকান খুলে বসে আছি। লোকজন তেমন বের হয় নাই। বৃষ্টি কমলে হয়তো লোকজন বের হইবো তখন হয়তো কিছু কেনাবেচা হইব।”
নতুন শহর এলাকার লন্ড্রি দোকানি পলাশ দাস বলেন, “মধ্যরাত থেকে শহরে কোনো বিদ্যুৎ নাই। দোকান খুলে বেকার বসে আছি। বিদ্যুৎ না থাকায় কাস্টমারকে মালামালও ডেলিভারি করতে পারছি না। বাতাস আর বৃষ্টি কমলে হয়তো বিদ্যুৎ আসবো।”
মাদারীপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবদুর রহিম বলেন, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বেলা ১২টা পর্যন্ত জেলায় ৯৯.৪ মিলিটিার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
