২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া কাগজে প্রাণ যাচ্ছে অর্ধশত গাছের

গাজীপুর সদরের পূবাইল কলেজের পাশের সরকারি অর্ধশত গাছ ভুয়া কাগজ-পত্র দেখিয়ে কাটার চেষ্টা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 03:54 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

পুরনো খবর:

শাবির বাসে হামলা, ২ শিক্ষার্থী আহত

সরকারদলীয় স্থানীয় প্রভাবশালী নেতারা এই গাছ কাটায় জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।

বন বিভাগ বলছে, এই গাছগুলো কাটার কোনো অনুমোদন দেয়া হয়নি।

গাছ কেটে নেয়া কাঠ ব্যবসায়ী হাবিবুর রহমান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়দেবপুরের আওয়ামী লীগ নেতা শওকত আকবর ওই গাছ কাটার নিলাম পেয়েছেন বলে তার কাছে ছয়টি আকাশমনি গাছ বিক্রি করেন।

“এজন্য আমি তাকে (শওকত) ৩০ হাজার টাকাও দিয়েছি।”

তবে গাছ কাটার সময় বন বিভাগের লোকজনের কাছে বাধা পান রিপন।

বনবিভাগের মৌচাক রেঞ্জের কর্মকর্তা মো. তোসাদ্দেক হোসেন বলেন, “আমরা গাছ কাটার কোনো বৈধ কাগজ পাইনি বলে বাধা দিয়েছি।”

বন বিভাগের বাধায় গাছ কাটা আপাতত বন্ধ হলেও তার আগেই কয়েকটি গাছ কাটা হয়ে যায়। অনেকগুলোর গোড়ার কিছু অংশ কাটা হয়েছে।

বন কর্মকর্তা বলেন, “গাছ কাটার কোনো নিলাম হয়ে থাকলে তা অবশ্যই স্থানীয় বন কর্মকর্তাদের জানানো হত।”

সড়ক ও জনপথ, টঙ্গী সাব-ডিভিশনের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ ফিরোজ আলম বলেন, সড়ক চওড়াকরণ ও গাছ কাটার কোনো সিদ্ধান্ত তাদের নেই।

জনৈক কর্মকর্তা মনেয়ারা বেগমের অনুমতি সাপেক্ষ স্থানীয় শওকত আকবরের কাছে ওই সড়কের ২৬৫টি গাছ বিক্রির যে কাগজ তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া বলেও জানান বন বিভাগের কর্মকর্তারা।

এ বিষয়ে গত ৭ ফেব্রুয়ারি  জয়দেবপুর থানায় সড়ক ও জনপথ, টঙ্গী সাব-ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী এসএম কামরুজ্জামান বাদি হয়ে জিডিও করেছেন।

গাজীপুরের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শারফুল আনাম খান বলেন, “ওই সড়কটি সড়ক ও জনপথ বিভাগের, তারপরও ওই চক্রটি গাছকাটার কাগজে অনুমতি দেয়ার ব্যাপারে আমাদের সংশ্লিষ্ট থাকার যে কথা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।”