২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির বাসে হামলা, ২ শিক্ষার্থী আহত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবি’র বাসে বুধবার রাতে হামলা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2015, 04:04 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

বুধবার রাত পৌনে ৯টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকায় এই হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে প্রক্টর হিমাদ্রী শেখর রায় জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে সাড়ে ৮টায় নগরীর চৌহাট্টায় গণজাগরণ মঞ্চ থেকে আসা বিশ্ববিদ্যালয়গামী বাসটি নগরীর মদিনা মার্কেট এলাকায় পৌঁছলে তাতে কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক হামলা করে।

হামলাকারী সম্পর্কে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না বলে জানান প্রক্টর।

এর আগে বিকাল পৌনে পাঁচটার দিকে নগরীর মদিনা মার্কেট সংলগ্ন নবাবী মসজিদ এলাকায় বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪টায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া কয়েকটি বাস ফেরার পথে নবাবী মসজিদ এলাকায় এসে পৌঁছালে কিছু যুবক বাস থেকে নেমে শিক্ষকদের একটি ও শিক্ষার্থীদের ৩টি বাস ভাংচুর করে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী সুমন জানান, পরিস্থিতি ঘোলাটে করে রাজাকারদের ফাঁসি দাবির আন্দোলনকে বানচাল করতেই ছাত্রদল নেতা-কর্মীরা শিবিরের ইন্ধনে পরিকল্পিতভাবে এই ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।

ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এসএম জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীরা কোনভাবে জড়িত নয়।

প্রক্টর হিমাদ্রী শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।