নগরকান্দা উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা
ফরিদপুরের নগরকান্দা উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ ঘোষণা দেন।
এ সময় ভূমিহীন-গৃহহীন ১০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের জমির কবুলিয়ত, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) হেলাল মাহমুদ শরীফ, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ প্রমুখ।
এর আগে নগরকান্দায় প্রথম পর্যায়ে ২১৫টি, ২য় পর্যায়ে ১১০টি এবং ৩য় পর্যায়ে ১১০টি পরিবারকে ঘর ও জমি দেওয়া হয়। সর্বশেষ ১০ জনসহ সর্বমোট ৪৪৫টি পরিবারকে পুনর্বাসিত করা হলো।
বৃহস্পতিবার ১০ পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে এ উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো।
এর আগে সংবাদ সম্মেলনে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ফরিদপুর জেলায় ১ম পর্যায়ে ২ হাজার ৩৫টি পরিবার, ২য় পর্যায়ে ১ হাজার ৫৭২টি পরিবার এবং ৩য় পর্যায়ের ১ম ধাপে ৬৯৬টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। তিনটি পর্যায়ে জেলায় ৪ হাজার ৯৯৪টি পরিবারকে জমিসহ ঘর প্রদানের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়; যার মধ্যে ৪ হাজার ৭৫৬টি পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ দেওয়া হলো।
তিনি জানান, ফরিদপুর জেলার ৯টি উপজেলায় ১৭২টি স্থানে গৃহহীনদের পুনর্বাসন করা হয়েছে। এসব ঘর নির্মাণের লক্ষ্যে ফরিদপুর জেলার ৭৪৮ একর ৯ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১৭ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪৯১ টাকা।
