মানিকগঞ্জে নৌ-ভ্রমণে গিয়ে যমুনায় পড়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ
মানিকগঞ্জের ঘিওরে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে যমুনায় পড়ে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
বুধবার দুপুরে ঘিওর উপজেলার তরা কালীগঙ্গা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ বর্ষণ (১৮) মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকার মো. রবিউল ইসলামের ছেলে এবং মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
নিখোঁজ যুবকের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ঘিওর থানা এস আই বেলাল হোসেন জানান, সকালে মানিকগঞ্জের বেউথা ঘাট এলাকা থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা ভাড়া নিয়ে শহরের পশ্চিম সেওতা এলাকার ৩০/৩৫ জন সমবয়সী বন্ধু যমুনা নদীতে নৌকা ভ্রমণে বের হন।
“বেলা সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার তরা কালীগঙ্গা সেতুর কাছে বন্ধুরা হই-হুল্লোড় করেন। এ সময় সাদ্দাম ও বর্ষণ নামের দুই বন্ধু নৌকা থেকে নদীতে পড়ে যান।”
সাদ্দাম সাঁতরে নৌকায় উঠে আসলেও বর্ষণ নদীর স্রোতে ভেসে যান।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা শিবালয় ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মজিবর রহমান বলেন, “আমাদের ডুবুরি দল পাঁচ ঘণ্টা অভিযান চালিয়েছে। বুধবার নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেননি তারা।”
বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।
