কুমিল্লায় ট্রেনের আড়াইশ টিকেটসহ বুকিং সহকারী আটক, অব্যাহতি
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে প্রায় আড়াইশ টিকেটসহ এক বুকিং সহকারীকে আটক করা হয়েছে। পরে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
লাকমাম রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মহিউদ্দিন মুকুল বুধবার সকালে কাউন্টার থেকে টিকেটসহ জিয়াউর রহমান নামের এই ব্যক্তিকে আটক করেন।
বুধবার রাতে মহিউদ্দিন মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে বুকিং সহকারী জিয়াউর রহমানের কাছে বেশ কিছু টিকেট পাওয়া গেছে। এভাবে টিকেট কেটে রাখার কোনো সুযোগ নেই, এটা অবৈধ। এজন্য তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
“আর এসব টিকেট তিনি কেন কেটে রেখেছেন, তাকে বৃহস্পতিবারের তার ব্যাখা দিতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।”
এ বিষয়ে বুকিং সহকারী জিয়াউর রহমান বলেন, “আমার কাছে পাওয়া ২৬৪টি টিকেট ছিলো রিজেক্টেড। টিকেটগুলো কাউন্টারে জমা ছিল। আমি কোনো টিকেট কালোবাজারে উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে মজুদ করিনি।”
