২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় স্কুলছাত্র অপহরণ, মুক্তিপণ না পেয়ে হত্যা করল ‘বন্ধুরা’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রকে হত্যার রহস্য উন্মোচন করার কথা বলেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 11:50 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

এ ঘটনায় জড়িত অভিযোগে ওই ছাত্রের তিন বন্ধুকে গ্রেপ্তার করা হয় বলে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান।

বুধবার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নিহত ১৫ বছর বয়সী ছাত্র সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বেলকা গ্রামের বাসিন্দা এবং বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নিহত ছাত্রের বাবা অবস্থাপন্ন হওয়ায় তার ছেলেকে ঈদের দুই সপ্তাহ আগে অপহরণ করে মুক্তিপণ আদায় করার পরিকল্পনা করে তিন কিশোর; যারা ওই ছাত্রের বন্ধু। তারা তিনজনই স্থানীয় বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

অপহরণের জন্য ১৪, ১৫ ও ১৬ বছর বয়সী এই তিন কিশোর উপজেলার ধুপনী এলাকায় একটি বাসা ভাড়া করে বলে এসপি জানান।

এসপি তৌহিদুল ইসলাম বলেন, পরিকল্পনা মোতাবেক ওই তিন কিশোর গত ১৪ জুলাই রাত সাড়ে ৯টার দিকে ওই ছাত্রকে বাড়ি থেকে ডেকে বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যায়। পরে একটি মোটরসাইকেলে করে ধুপনী কারিগরি স্কুলের মাঠে নেয়। এরপর তারা জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে জোর করে পান করায়।

“অচেতন হয়ে পড়লে তাকে মোটরসাইকেলে করে ধুপনীর ভাড়া করা বাসায় নিয়ে ঘরটিতে তালা দিয়ে দেয়।”

এক পর্যায়ে বাড়ির মালিক কিশোরদের আনাগোনা এবং ঘরে তালা দেওয়া নিয়ে প্রশ্ন করলে তারা মুক্তিপণ আদায় করা সম্ভব হবে না মনে করে এবং ওইদিনই তাকে হত্যার পরিকল্পনা নেয়, বলে এসপি।

তিনি আরও বলেন, পরে তারা ছেলেটিকে মোটরসাইকেলে করে সেখান থেকে তিস্তা নদীর কাপাসিয়া এলাকায় নিয়ে যায়। সেখানে অচেতন অবস্থায় তার মাথা, বুক ও পা চেপে ধরে তিন কিশোর। এরপর গেঞ্জি দিয়ে গলায় শ্বাসরোধে তাকে হত্যা করে লাশ তিস্তা নদীতে ফেলে দেয়।

এসপি জানান, ঘটনার পরদিন [১৫ জুলাই] লাশ উদ্ধার করে পুলিশ। আর ১৬ জুলাই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন নিহত কিশোরের বাবা।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় সরাসরি জড়িত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারদের আদালতে উপস্থাপন করা হবে।