‘প্রেমিকার’ ঝুলন্ত লাশ উদ্ধারের দুদিন পর একই পথে ‘প্রেমিক’
গাজীপুর নগরীর পূবাইলে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের দুদিন পর একইভাবে মারা গেলেন এক তরুণ, যাকে ওই মেয়ের প্রেমিক বলছে পুলিশ।
বুধবার ভোর ৪টায় গাজীপুর পূবাইল হারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে বলে পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান।
মৃত ফাহিম হোসেন শান্ত (২২) হারবাইদ এলাকার মো. খলিলুর রহমানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, একই এলাকার আমিনুল ইসলাম বুলবুলের মেয়ে তাসমিম তাহসিন আলিফের সঙ্গে শান্তর প্রেমের সম্পর্ক ছিল। ১৮ জুলাই তাসমিমের ঝুলন্ত লাশ পাওয়া যায় নিজ ঘরে।
তাসমিম ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে ঝুলে ‘আত্মহত্যা’ করেন বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।
তিনি আরও বলেন, এর দুদিন পর বুধবার মেয়েটির ‘প্রেমিক’ শান্তর ঝুলন্ত লাশ পাওয়া যায় বাড়ির পশের একটি গাছে।
তাসমিম স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং শান্ত এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য শান্ত ঘর থেকে বাইরে যান। সকালে বাড়ির দক্ষিণ পাশে পেয়ারা গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন।
ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
