২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিজের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 07:24 PM

Updated : 22 Jul 2022, 03:59 AM

মঙ্গলবার রাত ৩টার দিকে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার দুপুরে র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার মো. আল আমিন (৩০) উপজেলার টাংগাবর ইউনিয়নের ছাপিলা গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে।

র‍্যাব-১৪ এর সহকারী পরিচালক (স্কোয়াড কমান্ডার) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন বছর আগে গফরগাঁও উপজেলার টাংগাবর ইউনিয়নের ছাপিলা গ্রামের আল আমিন বিয়ে করেন একই উপজেলার বীরই গ্রামের রিটন মিয়ার মেয়ে মুসলিমা খাতুনকে। বিয়ের এক বছর পর তাদের এক ছেলের জন্ম হয়।

“এরপর থেকেই যৌতুকের জন্য তিনি স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন।  গত ২৪ জুন তিনি যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতনের এক পর্যায়ে লাঠিপেটা করে ঘরের ভেতর ফেলে রাখেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘরেই মারা যান তার ২৪ বছর বয়সী স্ত্রী।”

এ ঘটনায় গত ২৫ জুন নিহতের মা বাদী হয়ে আল আমিনসহ তিনজনের বিরুদ্ধে পাগলা থানায় মামলা করেন। তদন্তে নেমে র‌্য্যাব আল আমিনকে গ্রেপ্তার করে। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান আনোয়ার।