২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় শ্রমিক ‘হত্যা’: এসআই জামালকে গ্রেপ্তারের দাবি

মাগুরার শ্রীপুর উপজেলায় একটি হত্যা মামলার আসামি পুলিশের এক এসআইকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় শ্রমিকরা। তারা নিহত শ্রমিক পরিবারের জন্য ক্ষতিপূরণও দাবি করেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 06:45 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

এই দাবিতে বুধবার সকাল ১১টায় ঢাকা-মাগুরা মহাসড়কের পারনান্দুয়ালী বাস টার্মিনালের সামনে জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন সমাবেশ ও মানববন্ধন করে।  

কর্মসূচিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে মূল আসামি এসআই জামাল উদ্দিনকে গ্রেপ্তার এবং নিহতের পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ না দিলে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল করে দেবে শ্রমিকরা।”

এ সময় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবু মোল্ল্যা ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।

গত ১৬ জুলাই বিকালে শ্রীপুর উপজেলার ওয়াপদা বাসস্ট্যান্ডে এক যাত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় পরিবহন শ্রমিক সালাম শেখের (৫২)। ওই যাত্রীর খবরে নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল উদ্দিন এসে সালাম শেখকে প্রকাশ্যে মারপিট করেন বলে অভিযোগ ওঠে।

পরে আহত সালামকে মাগুরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত সোমবার (১৮ জুলাই) নিহতের স্ত্রী যমুনা বেগম চার পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।