২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃনগর ট্রেনে আরও আসন চায় গাইবান্ধা

গাইবান্ধা হয়ে ঢাকা চলাচল করছে রেলওয়ের মাত্র দুটি আন্তঃনগর এক্সপ্রেস। ট্রেন দুটিতে গাইবান্ধার জন্য বরাদ্দ করা আসন সংখ্যা অপ্রতুল হওয়ায় ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 09:53 AM

Updated : 25 Oct 2022, 10:58 AM

গাইবান্ধা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিদিন দুপুরে ‘লালমনি এক্সপ্রেস’ এবং রাতে ‘রংপুর এক্সপ্রেস’ ঢাকায় যাতায়াত করছে। এই দুই ট্রেনে গাইবান্ধার জন্যে আসন বরাদ্দ মাত্র ১৫৪টি।

অপরদিকে, স্বাভাবিক সময়ে দুটি ট্রেনে দৈনিক টিকেটের চাহিদা ৩০০টি। ঈদের সময়ে এই চাহিদা দাঁড়ায় ৯০০ থেকে এক হাজারে। ফলে যাত্রীরা বাধ্য হয়ে ছাদে ও বগির ভিতরে যত্রতত্র দাঁড়িয়ে ভ্রমণ করছেন।

আবার অনেকে বিনা টিকেটেও ভ্রমণ করছেন। এ কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

গাইবান্ধা রেলস্টেশন মাস্টার মো. আবুল কাশেম বলেন, “চাহিদা অনুযায়ী টিকেটের বরাদ্দ না থাকায় যাত্রীরা বাধ্য হয়ে ছাদে, বগির ভিতরে যত্রতত্র ভ্রমণ করছেন। তাদের নিয়ন্ত্রণ করা যায় না।”

রেলওয়ে স্টেশন সূত্রে আরও জানা যায়, ‘লালমনি এক্সপ্রেস’-এ গাইবান্ধার জন্য বরাদ্দ মাত্র ৮৭টি টিকেট। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত (কেবিনসহ) ২৭টি এবং শোভন চেয়ার ৬০টি। আর ‘রংপুর এক্সপ্রেসে’ বরাদ্দ ৬৭টি টিকেটের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত (কেবিনসহ) ১৭টি এবং শোভন চেয়ার ৫০টি।

সূত্রটি আরও জানায়, বর্তমানে অনলাইনে টিকেট বিক্রির ব্যবস্থা করেছে সরকার। এর মধ্যে অর্ধেক টিকেট অনলাইনে এবং অর্ধেক রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে বিক্রি হচ্ছে।

গাইবান্ধা রেল স্টেশনে সরেজমিনে দেখা গেছে, ঈদের পর আন্তঃনগর লালমনি এক্সপ্রেসের যাত্রীদের উপচেপড়া ভীড়। কেউ বগির ভিতরে যাতায়াতের রাস্তায় এবং কেউ করিডোরে বসে যাচ্ছেন। কিন্তু বগির ভিতরে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকার কোনো জায়গা নেই। যাত্রীতে গাদাগাদি।

তাই কেউ ট্রেনের ছাদে উঠছেন। আবার কেউ দুই বগির সংযোগস্থলে বসে ঝুঁকি নিয়ে ভ্রমণ করছেন। পুলিশ এসব যাত্রীদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না।

এই ভীড়ের মধ্যেই ট্রেনে উঠছেন গাইবান্ধা শহরের পৌর মার্কেটের ব্যবসায়ী লিখন মিয়া। তিনি বলেন, “মালামাল আনতে প্রতি সপ্তাহে ঢাকায় যেতে হয়। তাই ট্রেনকে বেশি নিরাপদ মনে করেন। কিন্তু ট্রেনের টিকেট পাওয়া দুষ্কর।”

“কে কখন অনলাইনে ঢুকে টিকেট কিনছেন, বোঝা যায় না। তাই দাঁড়ানো টিকেট নিয়েই ঢাকা যেতে হচ্ছে।”

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামের চাকরিজীবী ফজলু মিয়া জানান, তিনি ঢাকায় চাকরি করেন। বাড়িতে তার মা অসুস্থ, তাকে নিয়ে ঢাকায় ফিরতে হবে। তার মা বাসে ভ্রমণ করতে পারেন না।

তিনি বলেন, “ছুটি শেষ হয়েছে। টিকেট না পাওয়ায় মাকে নিয়ে ঢাকায় ফিরতে পারছি না। আজও ট্রেনে ভীড় দেখে বাড়ি ফিরে যাচ্ছি।”

একই বিষয়ে গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, “বাসের চেয়ে ট্রেনে অনেকটা নিরাপদ যাত্রা করা যায়। তাই বর্তমানে মানুষ ট্রেনের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।”

তিনি অভিযোগ করে বলেন, “গাইবান্ধা জেলায় ২৬ লক্ষাধিক লোকের বসবাস। সেই তুলনায় টিকেটের বরাদ্দ কম। এ ছাড়া অনলাইনে ট্রেনের টিকেট বিক্রির ব্যবস্থা করায় কালোবাজারে টিকেট বিক্রি বেড়েছে। ফলে অনলাইনের সুফল সাধারণ যাত্রীরা পাচ্ছেন না।”

তিনি আরও বলেন, “কুড়িগ্রাম, লালমনিরহাট, কাউনিয়া থেকে পীরগাছা, বামনডাঙ্গা, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার হয়ে ঢাকাগামী অন্তত আরও দুইটি ট্রেন চালু করা দরকার।”

এ ছাড়া এ পথে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি চালানো যেতে পারে। এতে রেলের আয়ও বাড়বে এবং এই অঞ্চলের যাত্রীরা সেবা পাবে বলে অভিমত তার।

এ প্রসঙ্গে গাইবান্ধা রেলস্টেশন মাস্টার মো. আবুল কাশেম বলেন, “গাইবান্ধায় টিকেটের বরাদ্দ বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”