নেত্রকোণায় গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে দুই শিশু।
মঙ্গলবার দুপুরে উপজেলার সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুড়া গ্রামের বিশনাই নদী থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয় বলে বারহাট্টা থানার ওসি লুৎফুল হক জানান।
নিহত শিশুরা হলো- দক্ষিণ ডেমুড়া গ্রামের নয়াবাড়ির জিল্লা মিয়ার ছেলে হাসান (৬) এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের রঙ্গু মিয়ার মেয়ে চাঁদ মনি (৭)। তারা সম্পর্কে ফুফাত-মামাত ভাই-বোন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, চাঁদ মনি তার মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুর ১২টার দিকে মামাত ভাই হাসানকে সঙ্গে নিয়ে নদীতে গোসলে যায়। অনেকক্ষণ দুই শিশু ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন।
পরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
