সাবেক এমপি গোলাম মাওলা রনির ভবন উচ্ছেদ
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি দ্বিতল ভবন উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
সরকারি সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার।
তিনি বলেন, উলানিয়া বাজারের ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখানে কোনো বিশেষ ব্যক্তির স্থাপনা উচ্ছেদ করা হয়েছে – এমন কিছু নয়। সরকারি ৩০ শতক সম্পত্তি উদ্ধার করে দখলমুক্ত করা হয়েছে।
ইউএনও আশিষ কুমার বলেন, এই অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে তাকে কয়েকবার নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু একাধিকবার নোটিশ পেয়েও সাবেক এই সংসদ সদস্য সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেননি। এ জন্য আজ সেখানে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।
এ ব্যাপারে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা মূলত আমার পৈত্রিক বাড়ি। ১৯৬০ সাল থেকে আমার বাবা এখানে বসবাস করে আসছে। এ সংশ্লিষ্ট বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। এরপরও কীভাবে তারা আমার বাবার বাড়িঘর উচ্ছেদ করছে তা আমি জানি না। আগামীকাল আমি আদালতকে বিষয়টি অবহিত করব।”
রনি আরও বলেন, “২০০১ সালে ওই ভবন নির্মাণ করেছেন আমার বাবা। আমি তখন এমপি হয়নি। এলাকায়ও যাইনি। ২০০৭ সালে আমার বাবা, মা, আমি ও আমার স্ত্রীর নামে এই জমির একসনা বন্দোবস্ত দেখানো হয়।”
তিনি এই বন্দোবস্তের আবেদন করেননি দাবি করে বলেন, “আমরা কখনোই বন্দোবস্ত চাইনি। তবে কীভাবে আমাদের নামে বন্দোবস্ত দেখানো হলো। যদি একসনা বন্দোবস্তই হয় তাহলে এতদিন উচ্ছেদ করা হলো না কেন?”
